
ধামইরহাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ
কারিমুল ইসলাম মন্ডল, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ধামইরহাট উপজেলা যুবদলের দুই বারের সাবেক সফল আহ্বায়ক আলহাজ্ব মো. রুহুল আমিনের আয়োজনে উপজেলার উমার ইউনিয়ন ও ধামইরহাট পৌরসভা এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন ও নওগাঁ জেলার কৃতি সন্তান, বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম এস শাফিউল মুসাব্বির সাফি।
শীতবস্ত্র বিতরণকালে এলাকার সাধারণ মানুষ ও সুবিধাভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ভোটের আমেজে যখন অনেক নেতা সাধারণ মানুষের কষ্ট ভুলে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত, তখন উনারা দেশনেত্রীর আদর্শে আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই তীব্র শীতে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এই মানবিক প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আয়োজকবৃন্দ বলেন, বিএনপি সবসময় গণমানুষের রাজনীতি করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি ও আদর্শকে ধারণ করেই এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও প্রয়োজনে ধামইরহাটবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Reporter Name 










