
নওগাঁ কে. ডি. বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনায় পুলিশ সুপার তারিকুল ইসলাম
জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি
অদ্য ১৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ নওগাঁ কে. ডি. সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। শিক্ষার্থীদের চরিত্র গঠন, নৈতিকতা ও নিরাপদ শিক্ষাজীবন নিশ্চিত করার অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তব্যে পুলিশ সুপার বলেন, বর্তমান সময় একজন শিক্ষার্থীর সর্বোচ্চ দায়িত্ব হলো মনোযোগসহকারে সুশিক্ষা অর্জন করে নিজেকে ভবিষ্যতের যোগ্য, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। তিনি জানান, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়; মানবিকতা, নীতি, মূল্যবোধ এবং শৃঙ্খলার মাধ্যমে নিজেকে গড়ে তোলাই প্রকৃত সাফল্য।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অনলাইনে সামান্য ভুল সিদ্ধান্তও ভবিষ্যৎ জীবনে বড় ক্ষতি ডেকে আনতে পারে, তাই সচেতনতা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। তিনি বিদ্যালয় প্রশাসনের সার্বিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষাবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবক-পুলিশের যৌথ কাজের গুরুত্ব তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসাহ, ভরসা এবং শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক পরিবেশ।

Reporter Name 










