
নওগাঁর পোরশায় অবৈধ ইটভাটায় প্রশাসনের বড় অভিযান; ২৯ লাখ টাকা জরিমানা
নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি: মোঃ বিদ্যুৎ হোসেন
নওগাঁর পোরশা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা এবং পরিবেশ দূষণকারী বেশ কয়েকটি ইটভাটায় সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। অভিযানে পরিবেশ আইন লঙ্ঘন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিভিন্ন ইটভাটাকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করায় বিভিন্ন ভাটা মালিককে সর্বমোট ২৯ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় স্ক্যাভেটর (ভেকু) দিয়ে কয়েকটি ইটভাটার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়।
লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা, কৃষি জমির উপরিভাগের মাটি (Top soil) ব্যবহার এবং পরিবেশ ছাড়পত্র না থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কৃষি জমি রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরণের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীরা। তাদের দাবি, ফসলি জমি নষ্ট করে গড়ে ওঠা এই ইটভাটাগুলো দীর্ঘকাল ধরে এলাকার পরিবেশের ব্যাপক ক্ষতি করে আসছিল।

Reporter Name 










