
মহাদেবপুর ও পোরশা সড়কে ডাকাতির চেষ্টা ব্যর্থ, এক ডাকাত গ্রেফতার
মহাদেবপুর থানা প্রতিনিধি: আলমোতাসিম সাজু
নওগাঁর মহাদেবপুর ও পোরশা উপজেলায় সড়কে গাছ কেটে ডাকাতির চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে পুলিশ। গত পরশুদিন ১২ জানুয়ারি গভীর রাতে সঙ্ঘবদ্ধ কতিপয় ডাকাত মহাদেবপুরের মাতাজি রোড ও পোরশা সড়কে গাছ ফেলে যানবাহন থামিয়ে ডাকাতির চেষ্টা চালায়।
খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশের একাধিক টিম রাতভর সর্বাত্মক তৎপরতা চালায়। এ সময় জনগণের সহযোগিতায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের প্রতিহত করতে সক্ষম হয়। মহাদেবপুর উপজেলার মাতাজি এলাকা থেকে
মহাদেবপুর–রাইগা সড়কে ডাকাতির চেষ্টাকালে ডাকাতির কাজে ব্যবহৃত একটি কুঠারসহ আবুল কালাম আজাদ নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে পোরশা থানা এলাকায় ডাকাতরা সড়কে গাছ কাটার সঙ্গে সঙ্গেই দুই দিক থেকে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে পুলিশ সড়কে ফেলে রাখা কাটা গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে।
নওগাঁ জেলা পুলিশ জানায়, রাতে সড়কে চলাচলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশ সুপার ও তাঁর নেতৃত্বাধীন টিম সর্বদা জনগণের নিরাপত্তায় কাজ করছে। পুলিশ ও জনগণ একসাথে মিলেই নওগাঁ জেলাকে ডাকাতমুক্ত রাখতে কাজ করবে এবং ডাকাতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reporter Name 










