
নওগাঁয় জেলা ডিবির সাথে পুলিশ সুপারের গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা: কঠোর সতর্কতার নির্দেশ
নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি মোঃ বিদ্যুৎ হোসেন
নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ও ফোর্সদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
আজ (বৃহস্পতিবার) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মহোদয়। সভায় জেলা ডিবির ইনচার্জসহ সকল পর্যায়ের অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরাধ দমনে কঠোর হওয়ার নির্দেশনা
মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোনা করেন। তিনি গোয়েন্দা কার্যক্রমকে আরও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। বিশেষ করে ডাকাত, দস্যু, মাদক চোরাকারবারি এবং চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধী চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
আসন্ন নির্বাচন ও আইনশৃঙ্খলা রক্ষা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে এখন থেকেই গোয়েন্দা নজরদারি জোরদার করার আহ্বান জানান পুলিশ সুপার। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র বা অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে। এ সময় তিনি সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত কর্মকর্তারা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনাসমূহ যথাযথভাবে পালনের এবং জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Reporter Name 










