
চার শতাব্দীর ঐতিহ্য বহন করছে নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা মসজিদ
মো: শামীম হোসেন মান্দা নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত কুসুম্বা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ইসলামি স্থাপনা। প্রায় সাড়ে চারশ’ বছর আগে নির্মিত এই মসজিদ আজও ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
ঐতিহাসিক সূত্রে জানা যায়, ১৫৫৮-৫৯ খ্রিস্টাব্দে আফগান শাসনামলে সুরি বংশের শাসক ঘিয়াস উদ্দিন বাহাদুর শাহের সময়ে তৎকালীন উচ্চপদস্থ কর্মকর্তা সুলাইমান এই মসজিদটি নির্মাণ করেন। পাথর ও ইটের সমন্বয়ে নির্মিত মসজিদটি বাংলার স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন।
মসজিদটির চার কোণায় অষ্টভুজাকৃতির মিনার, পশ্চিম দেয়ালে তিনটি সুসজ্জিত মিহরাব এবং দেয়ালে খোদাই করা নকশা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। পাথরের গাঢ় রঙের কারণে স্থানীয়দের কাছে এটি “কালা পাহাড়” নামেও পরিচিত।
১৮৯৭ সালের ভয়াবহ ভূমিকম্পে মসজিদটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল কাঠামো আজও অটুট রয়েছে। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে মসজিদটি সংরক্ষিত রয়েছে। এখানে নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি প্রতিদিনই দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা এই ঐতিহাসিক স্থাপনা দেখতে আসছেন।
ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ কুসুম্বা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি আমাদের অতীতের গৌরব ও সংস্কৃতির এক অমূল্য নিদর্শন।

Reporter Name 










