
নওগাঁয় নাইট ডিউটির নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার তারিকুল ইসলাম
জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিয়ামতপুর থানা এলাকায় রাতের নিরাপত্তা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন। তিনি মঙ্গলবার গভীর রাতে বিভিন্ন চেকপোস্টে উপস্থিত হয়ে ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে দায়িত্ব পালন করেন।
পরিদর্শনের সময় তিনি অপরাধপ্রবণ স্পটগুলো ঘুরে দেখেন এবং চেকপোস্টের কার্যক্রম—যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি শনাক্তকরণ, রাত্রিকালীন টহলের পদ্ধতি—সবকিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে ডিউটিতে থাকা অফিসার ও ফোর্সদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
তিনি জনসাধারণের সঙ্গেও কথা বলেন এবং নিরাপত্তাবিষয়ক উদ্বেগ নিয়ে তাদের আশ্বস্ত করেন।
পুলিশ সুপার জানান, ডাকাতি, দস্যুতা, ছিনতাইসহ যেকোনো অপরাধ ঠেকাতে কার্যকর টহল এবং সন্দেহভাজন চলাচলের ওপর বাড়তি নজরদারি অপরিহার্য। দ্রুত রেসপন্স নিশ্চিত করা এবং আন্তঃথানা সমন্বয় জোরদার করার বিষয়েও তিনি নির্দেশনা দেন।
তারিকুল ইসলাম আরও বলেন, রাতের ডিউটি খুবই গুরুত্বপূর্ণ। সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও মানবিক আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই পুলিশের মূল লক্ষ্য। তিনি জেলা পুলিশের কাজকে আরও কার্যকর করতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

Reporter Name 










