
নওগাঁ জেলা কমিটি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ সদস্যের হঠাৎ পদত্যাগ
জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক, গঠনপ্রক্রিয়ায় অস্বচ্ছতা এবং আন্দোলনের মূল চেতনা ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ তুলে একযোগে ১০ জন সদস্য পদত্যাগ করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় তাঁরা আহ্বায়কের কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন সংগঠক সিহাব হোসেন, আহত জুলাই যোদ্ধা সালমানসহ কমিটির সদস্য সাদমান সাকিব সাদাফ, আহনাফ হোসেন, ইফাত রাব্বী, সাদ্দাম হোসেন, ইলিয়াস হোসেন, গোলাম রাব্বী, এমরান হোসেন ও অমিত হোসেন নিরব।
তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় অনুমোদনে ঘোষিত জেলা কমিটি শুরু থেকেই প্রশ্নবিদ্ধ। কমিটি রাজনৈতিক প্রভাবমুক্ত নয়, অনেক গুরুত্বপূর্ণ পদে এমন ব্যক্তিরা যুক্ত হয়েছেন যারা আন্দোলনের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নন। রাজপথের আহত কর্মীদের অবহেলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
আহত জুলাই যোদ্ধা সালমানের ভাষায়, সংগ্রামের সময় যারা সামনে ছিলেন না, এখন তারাই সুবিধা নিচ্ছেন। সংগঠক সিহাবের দাবি, সদস্যদের চাপেই তাঁরা পদত্যাগে বাধ্য হয়েছেন।
অন্যদিকে জেলা আহ্বায়ক আরমান হোসেন বলেন, পদত্যাগপত্রে উল্লেখিত কারণ ভিত্তিহীন। অনেক সদস্যের স্বাক্ষর জালিয়াতির অভিযোগও তাঁর। তিনি দাবি করেন, কমিটি রাজনৈতিকভাবে প্রভাবিত নয় এবং একটি মহল শুরু থেকেই বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির অনুমোদনে ২০৬ সদস্যের নওগাঁ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর আগেই সাংগঠনিক অস্বচ্ছতার অভিযোগে যুগ্ম সদস্যসচিব শাফিক মোয়ামমার রিয়ান পদত্যাগ করেন।

Reporter Name 










