
বদলগাছীতে শত্রুতার জেরে ২৮০টি ফলন্ত কলাগাছ কর্তন: দিশেহারা বর্গাচাষি
নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি মোঃ বিদ্যুৎ হোসেন
নওগাঁর বদলগাছী উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে একটি কলাবাগানের প্রায় ২৮০টি ফলন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে বর্গাচাষি আব্দুল হাকিমের প্রায় তিন লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ভোরে উপজেলার মথরাপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে এই নেক্কারজনক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গয়েশপুর গ্রামের নদীর চরের একটি জমির মালিকানা নিয়ে রাঙ্গাঘাট গ্রামের শুকুর আলী (৭০) ও গয়েশপুর গ্রামের টিটু সরদারের (৪৫) মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিতর্কিত জমিটি কৃষক আব্দুল হাকিম ১ লাখ ৮০ হাজার টাকার বিনিময়ে বন্ধক নিয়ে কলার চাষ শুরু করেন। দীর্ঘ পরিশ্রম ও বিনিয়োগের পর বাগানটিতে বর্তমানে ফল আসতে শুরু করেছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে অভিযুক্ত টিটু সরদার তার দলবল নিয়ে হঠাৎ বাগানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক ফলন্ত কলাগাছ কাটতে শুরু করেন। গাছ কাটার শব্দ শুনে আশেপাশের গ্রামবাসীরা এগিয়ে এলে টিটু সরদার ও তার সহযোগীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ক্ষয়ক্ষতির পরিমাণ
ভুক্তভোগী কৃষক আব্দুল হাকিম জানান, বাগানটিতে ২৮০টি ফলন্ত গাছ ছিল যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে বিক্রি করা যেত। এই নাশকতায় তার প্রায় তিন লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমি অনেক কষ্ট করে টাকা জোগাড় করে জমি বন্ধক নিয়ে চাষ করেছিলাম। আমার সাজানো বাগান চোখের সামনে শেষ করে দিল। আমি এর বিচার চাই।”
জনমনে ক্ষোভ
এই ন্যক্কারজনক ঘটনার পর এলাকায় তীব্র উত্তজনা ও আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, জমির মালিকানা নিয়ে বিরোধ থাকলেও একজন নিরীহ কৃষকের ফসল নষ্ট করা জঘন্য অপরাধ। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Reporter Name 










