
নওগাঁ ২ এ দ্বিমুখী লড়াই: ব্যবধান গড়বে গণভোট ও নতুন ভোটার
(পত্নীতলা, প্রতিনিধি)
৪৭ নওগাঁ ২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিমুখী লড়াই হবে। এ নির্বাচনে ছয় জন সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিলেও শেষ পর্যন্ত প্রতীক বরাদ্দ পেয়েছেন তিনজন প্রার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক তিনবারের সংসদ সদস্য সামসুজ্জোহা খান। নমিনেশন পাওয়া থেকে অদ্যবদী পর্যন্ত প্রচার-প্রচারণায় বেশ এগিয়ে রয়েছেন তিনি। প্রচারণায় এগিয়ে থাকলেও নির্ভরযোগ্য সূত্রের খবরে জানা গিয়েছে এখানকার ভোটাররা বিভিন্ন কারণে ভোট প্রদানে মুখ খুলছেন না। বিএনপি’র দায়িত্বপ্রাপ্ত একাধিক নেতাও মনে করেন ৫ আগস্ট পরবর্তী তাদের কৃতকর্মের ফলে মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। ফলে প্রতীকের প্রতি তাদের আস্থা থাকলেও ব্যক্তি বা কর্মীদের প্রতি তাদের আস্থা খুবই কম। বিগত সংসদ নির্বাচন গুলোর পর্যালোচনা করলে দেখা যায় ধানের শীষ প্রতীকের প্রার্থী বরাবরই এখানে সমর্থকদের দিক থেকে অগ্রসর থেকে জয়লাভ করেছেন।
এদিকে এ আসনে প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার এনামুল হক। সাংগঠনিক তৎপরতায় দলটি বেশ আগে থেকেই গুছিয়ে মাঠে রয়েছে। তবে জামায়াতের জনসমর্থন কম থাকায় এবার তাদের ভিন্ন কৌশল অবলম্বন করতে দেখা যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মী বিশেষত নারী কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং নারী ভোটারদের অঙ্গীকার আদায় করে নিচ্ছেন। ধর্মীয় মূল্যবোধ, সততা এবং গণতন্ত্রের সু বাতাস বয়ে আনার ট্যাগ লাগিয়ে দলের নেতাকর্মীরা তৎপর রয়েছেন। সংসদ সদস্য প্রার্থী এনামুল হক বিএনপি প্রার্থীর চাইতে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন ধামুরহাটে এবং পত্নীতলার বেশ কিছু এলাকায়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর একাধিক সূত্র থেকে প্রাপ্ত খবরে তারা বলছেন ১৪ থেকে ১৬ হাজার ভোটে তারা জয় লাভ করবেন।
এদিকে এবি পার্টি থেকে নমিনেশন পেয়েছেন মতিবুল হক। তিনি ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের মাঠে এবি পার্টি কিংবা মতিবুল হকের তৎপরতা খুব একটা নজরে পড়ে নাই।
এই আসনটিতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও দাঁড়িপাল্লা এবং ধানের শীষ প্রতীকের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা মনে করেন। বিএনপি প্রার্থী এবং তার পরিবারের বিগত দিনের কার্যক্রমকে সম্বল করে জামায়াতে ইসলামীর কর্মীরা মাঠে প্রোপাগান্ডা চালাচ্ছেন বলেও বিএনপি’র একাধিক সূত্র থেকে প্রতিবেদককে জানিয়েছেন। দৃশ্যমান প্রচারণায় বিএনপি এগিয়ে থাকলেও ঘরে ঘরে ভোটারদের মন আকর্ষণ করে জামায়াত প্রার্থী এগিয়ে চলছেন তা দেখা যাচ্ছে। এই আসনে তফাৎ গড়ে দিতে পারে নতুন ভোটাররা। প্রায় চল্লিশ হাজার নতুন ভোটার ভোটের ব্যবধান কে বাড়িয়ে তুলতে পারে। গণভোটের প্রশ্নে বিএনপি ভেতরে ভেতরে না ভোটের প্রচার করছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। তবে প্রকাশ্যেই দাঁড়িপাল্লার প্রার্থীরা গণভোটের সমর্থনে হ্যাঁ ভোট দেওয়াকে প্রাধান্য দিয়ে প্রচারণায় সরব রয়েছেন।

Reporter Name 










