
শিবগঞ্জে র্যাবের পৃথক দুই অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ২৯৭ বোতল ফেনসিডিল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন এলাকায় পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২১ জানুয়ারি ২০২৬ তারিখ র্যাব-৫ এর সিপিসি-১ ইউনিটের দুইটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন ৩নং দাইপুকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে বিকাল ৪টার দিকে দারিগাছা গ্রামের বাসিন্দা আঃ লতিফ (৬০), পিতা—মৃত আমজাদ আলীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে বসতবাড়ির পশ্চিম পাশের খড়ি রাখা ঘরের ভেতর থেকে ১৭৭ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়।
একই দিনে অপর এক অভিযানে একই ইউনিয়নের দারিগাছা গ্রামের আরেক বাসিন্দা আবু সায়েদ আলী (৪৬), পিতা—মৃত সেকেন্দার আলীকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার দেখানো মতে বসতবাড়ির শয়নকক্ষের ভেতরে কাপড় রাখার র্যাক থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত দুই আসামি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ কর্তৃপক্ষ মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

Reporter Name 










