
রাজশাহী-নওগাঁ সীমান্তে রোগী বহনকারী সিএনজিতে চাঁদাবাজি, কুখ্যাত হান্নান গ্রেফতার
নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধ মো: বিদ্যুৎ হোসেন
রাজশাহী ও নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে সিএনজি ও বিভিন্ন যানবাহন আটকে চাঁদাবাজি করে আসা চক্রের মূলহোতা মোঃ হান্নানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত হান্নান রাজশাহী জেলার মোহনপুর থানার বড়াইল গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (বৃহস্পতিবার) রাজশাহী ও নওগাঁ জেলার সীমানায় একটি রোগী বহনকারী সিএনজি আটকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে হান্নান ও তার সহযোগীরা। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে। দীর্ঘদিন ধরেই এই চক্রটি কখনো মোহনপুর সীমান্ত, আবার কখনো মান্দা সীমান্তে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে আসছিল। বিশেষ করে জরুরি প্রয়োজনে চলাচলকারী যানবাহনগুলো ছিল তাদের মূল লক্ষ্য।
নওগাঁ জেলার পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় আজ সকালে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং মান্দা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানে নামে। অভিযানে চাঁদাবাজি চক্রের অন্যতম নায়ক হান্নানকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
মান্দা থানা পুলিশ জানায়, হান্নানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই চক্রের সাথে আরও যারা জড়িত রয়েছে, তাদের চিহ্নিত করতে নিবিড় তদন্ত শুরু করেছে পুলিশ। সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Reporter Name 










