
ঋণ খেলাপিরাই কীভাবে নির্বাচনে অংশ নেয়—প্রশ্ন এনসিপি নেতার
নওগাঁ প্রতিনিধি
রাষ্ট্রীয় অর্থ লুটপাট করে ঋণ খেলাপিতে জর্জরিত ব্যক্তিরাই কীভাবে জাতীয় সংসদ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পায়—এমন প্রশ্ন তুলেছেন এনসিপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ।
শুক্রবার (২৩ জানুয়ারি) নওগাঁর মান্দা উপজেলার নুরুল্ল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় ঐক্যজোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ বলেন, “যারা সরকারের পকেট ফুটো করে হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে, যারা ব্যাংক ব্যবস্থা ধ্বংস করেছে, তারাই আজ নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোট চাইছে। ঋণ খেলাপিরা কীভাবে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখে—এই প্রশ্নের জবাব জাতিকে দিতে হবে।
তিনি আরও বলেন, ঋণ খেলাপিদের কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ তাদের বিরুদ্ধেই কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। বরং তারা রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থেকে বারবার পার পেয়ে যাচ্ছে।
জনসভায় সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ১০ দলীয় ঐক্যজোটের নওগাঁ-৪ আসনের এমপি প্রার্থী খ. ম. আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জেলা কর্মপরিষদের সদস্য মোস্তফা আল আমিন, উপজেলা জামায়াতের আমির ডা. আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাহমুদুল হাসান, নওগাঁ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, কুষ্টিয়া শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আমানুল্লাহ আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সৎ, যোগ্য ও ঋণমুক্ত নেতৃত্ব ছাড়া দেশের গণতন্ত্র ও অর্থনীতি রক্ষা করা সম্ভব নয়।

Reporter Name 










