
পত্নীতলায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ।
জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি
অদ্য ২৬ জানুয়ারি ২০২৬ পত্নীতলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর জেলা কমান্ডার ক্যাম্প কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সার্কেল অফিসার, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ, জেলা নির্বাচন অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ভোটগ্রহণ কাজে নিয়োজিত কর্মকর্তারা।
বক্তারা বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে আইনানুগতা, স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করতে হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষতা ও প্রস্তুতি আরও শক্তিশালী হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। তাঁদের মতে, এই প্রস্তুতিই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Reporter Name 










