
মান্দায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে দুই ট্রাক্টর চালককে জরিমানা
আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে দুই ট্রাক্টর চালককে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের আত্রাই নদীর পাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে নদীর পাড় কেটে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে পরিবহন করে আসছে। প্রশাসনের উপস্থিতিতে অবৈধ কার্যক্রমের সত্যতা হাতেনাতে প্রমাণিত হয়।
অভিযান চলাকালে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক্টর তল্লাশি করা হয়। এ সময় বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুই ট্রাক্টর চালককে আটক করা হয়। পরে মোটরযান অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক চালককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে অভিযানের সময় মাটি ও বালু উত্তোলনের মূল পরিকল্পনাকারী বা মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল ব্যক্তিকে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নদীর পাড় ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের মাধ্যমে সরকারি সম্পদের ক্ষতি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

Reporter Name 










