
২০ বছর পর নওগাঁর জনসমুদ্রে তারেক রহমান: ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান
মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি
২৯ জানুয়ারি, ২০২৬
দীর্ঘ দুই দশক পর নওগাঁর মাটিতে পা রাখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এই বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নওগাঁ শহরের ঐতিহাসিক এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত এই জনসভায় তারেক রহমান পৌঁছালে নেতাকর্মীদের গগনবিদারী স্লোগান আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় তারেক রহমানের আগমনে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন।
জনসভা মঞ্চে তারেক রহমান নওগাঁর ৮টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের জনগণের সামনে পরিচয় করিয়ে দেন এবং তাদের বিজয়ী করার আহ্বান জানান।
বক্তব্যে তিনি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া, উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার ব্যক্ত করেন।
মঞ্চে উপস্থিত প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ ধানের শীষ হাতে নিয়ে জনগণের অভিবাদন গ্রহণ করছেন, যা নির্বাচনের আগে দলের ঐক্য ও প্রস্তুতির প্রতীক হিসেবে ফুটে উঠেছে।
জনসভায় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, তারেক রহমানের এই সফর উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি করেছে, যা আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

Reporter Name 










