
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে নওগাঁয় জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন
জাহিদ হাসান , নওগাঁ জেলা প্রতিনিধি
যথাযোগ্য সম্মান ও মর্যাদার সঙ্গে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে নওগাঁ জেলা পুলিশ নানা কর্মসূচি পালন করেছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে নওগাঁর মুক্তির মোড়ে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন এবং তাঁদের অবদানের কথা বিনম্রচিত্তে স্মরণ করেন।
এছাড়াও জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ নিজ নিজ থানায় স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। একই সঙ্গে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে মাতৃভাষা বাংলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
মহান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নওগাঁ জেলা পুলিশের এ কর্মসূচি স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

Reporter Name 










