
মো. শাহীন আলম স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার ৩ উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষার ৬ টি কেন্দ্রে নকল ও স্মার্ট ফোন সঙ্গে রাখার অপরাধে শিক্ষার্থী ও শিক্ষকসহ ১১ জনকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন তাদের বহিষ্কার করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৫ জন, কামদিয়া দারুল উলুম সিদ্দিকীয়া আলিম মাদ্রসার কেন্দ্র থেকে ১ জন শিক্ষার্থী ও ১ জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। সাঘাটা উপজেলার সাঘাটা পাইলট বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। তিনি বলেন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে মাদ্রাসার ২টি কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা কক্ষ পরিদর্শনের সময় ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করে। এছাড়া নকলে সহযোগিতা করায় ১ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়াও সুন্দরগঞ্জ উপজেলার আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে স্মার্ট ফোন সঙ্গে রাখার অপরাধে কামরুজ্জামান মিয়া নামে ১ জনকে বহিষ্কার করা হয়।কামরুজ্জামান উপজেলার মীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র। কেন্দ্র সচিব ও আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইলিয়াস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন- দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃক গঠিত স্পেশাল পরিদর্শন টিম-৭ এর প্রধান সহযোগী অধ্যাপক মো. রুহুল আমীন এ কেন্দ্র পরিদর্শনে এসে ওই পরীক্ষার্থীর কাছ থেকে স্মার্ট ফোন পাওয়ায় তাকে বহিষ্কার করেন। তিনি আরও বলেন, পরীক্ষা কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু ও নকল মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Reporter Name 















