
প্রাইভেট কারে অভিনব কায়দায় গাঁজা বহনকালে চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার
আব্দুল আওয়াল : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
প্রাইভেট কারে অভিনব কায়দায় অবৈধ মাদক গাঁজা বহনের সময় ৩২.৭৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ৮টার দিকে র্যাব-৫, রাজশাহী এর অধীন সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ১৪ নম্বর সুন্দরপুর ইউনিয়নের মোল্লান মোড় (চৌরাস্তা মোড়) এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে হবিগঞ্জ জেলার সদর থানার উসাইল গ্রামের বাসিন্দা আহাম্মদ আলী (২৬), পিতা—মৃত মধু মিয়াকে একটি সাদা রঙের প্রাইভেট কারসহ গ্রেপ্তার করা হয়। এ সময় গাড়িটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩২.৭৪০ কেজি অবৈধ মাদক গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে—দুইজন ব্যক্তি হবিগঞ্জ জেলা থেকে প্রাইভেট কারযোগে গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিক্রয়ের উদ্দেশ্যে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে একটি প্রাইভেট কার সন্দেহজনকভাবে এলে তা থামিয়ে তল্লাশি চালানো হয় এবং মাদক উদ্ধারসহ একজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে তাদের এই কার্যক্রম আরও জোরদার করা হবে।

Reporter Name 










