
মো. শাহীন আলম স্টাফ রিপোর্টার:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ভোটকেন্দ্রে ভোটারের পায়ে গুলি চালিয়ে আতংক সৃষ্টির ঘটনায় ৭ বছর পর থানায় মামলা দায়ের করা হয়েছে।
উপজেলাধীন শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম শাহিনসহ ৩৪ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। এছাড়াও ৫০/৬০ জনকে অজ্ঞাত নামা মামলা করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।
এর আগে- ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
ঘটনার ৭ বছর পর গত ৩ এপ্রিল রাতে মামলাটি দায়ের করেন শান্তিরাম ইউনিয়নের উত্তর পরান গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে মো. আইয়ুব আলী।
মামলায় উল্লেখ করা হয়, ঘটনার দিন ওই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সদস্যরা একত্রিত হন। এ আসনের ১৪ দলীয় মহাজোট সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে বিজয়ী করার লক্ষ্যে তারা অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এরপর ভোটারদের ভয় দেখিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেন। এ সময় জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম শাহিনের নির্দেশে তারা অবৈধ অস্ত্র ব্যবহার করে মামলার বাদি আইয়ুব আলীর ছেলে শাহিন মিয়া (৩২) নামের এক ভোটারকে গুলি করেন।
গুলি শাহিন মিয়ার বাম উরু ভেদ করে ডান উরু দিয়ে বের হয়ে যায়। এতে শাহিন মিয়া গুরুতর আহত হন এবং রক্তক্ষরণের কারণে তাকে দ্রুত প্রথমে সুন্দরগঞ্জ হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় প্রায় ১৫ লক্ষ টাকা খরচ হলেও তার শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। শাহিন মিয়া বর্তমানে স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছেন।
মামলায় আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনৈতিক প্রভাবের কারণে দীর্ঘদিন মামলা দায়ের করতে বিলম্ব হয়েছিল।
মামলার বাদি আইয়ুব আলী বলেন- আওয়ামীলীগ ও জাতীয় পার্টির সন্ত্রাসীরা গুলি চালিয়ে আমার ছেলেকে পঙ্গু করেছে। এতদিন সন্ত্রাসীদের চাপে মামলা করতে পারিনি। অবশেষে ৭ বছর পর মামলা দায়ের করেছি। আমি ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাব এবং আশা করি, আইন সঠিক পথে ব্যবস্থা নেবে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন- ভোটকেন্দ্রে গুলি চালানোর ঘটনায় দীর্ঘ সময় পর মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ তৎপর আছে এবং আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Reporter Name 















