
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় আনারুল (২৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের লিটন ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আনারুল রংপুরের কাউনিয়া থানার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নওগাঁ শহরের রজাকপুর বৌ-বাজার এলাকায় থাকতেন।
স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে ময়লা ফেলতে গিয়ে কম্বল জড়ানো অবস্থায় লাশটি চোখে পড়ে। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জানা গেছে, ২০০৩ সালে আনারুলের মা মারা যাওয়ার পর তিনি বাবা ও দুই বোনকে নিয়ে নওগাঁয় থাকতেন। বাবার মৃত্যু পর তিনি নেশায় জড়িয়ে পড়েন এবং প্রায়ই এলোমেলো অবস্থায় ঘুরে বেড়াতেন। বর্তমানে তার বোনদের অবস্থান সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি।
নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, খবর পাওয়ার পর লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনি প্রক্রিয়া শুরু হবে।

জাহিদ হাসান (নওগাঁ প্রতিনিধি) 















