
আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার সোহাগপুর হাটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
খাদ্য অধিদপ্তরের এ উদ্যোগের মাধ্যমে কার্ডধারী পরিবারগুলো প্রতি মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল ক্রয় করতে পারবেন, যার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি মাত্র ১৫ টাকা। স্থানীয় ডিলার মো. ওমর ফারুক প্রাং দায়িত্বপ্রাপ্ত হিসেবে এ কার্যক্রম পরিচালনা করছেন। তিনি জানান, প্রতি সপ্তাহে সোমবার, মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে, যাতে কার্ডধারী পরিবারগুলো নির্বিঘ্নে চাল সংগ্রহ করতে পারেন।
প্রথম পর্যায়ে এ কর্মসূচি আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চলবে। পরবর্তী দ্বিতীয় পর্যায় ফেব্রুয়ারি ও মার্চ মাসে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, ৬নং বড়ধুল ইউনিয়নের চেয়ারম্যান আছির উদ্দীন, মেম্বার আয়নাল হক, মেম্বার শান্তাহার, লাভলু প্রামানিক, আশরাফ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী কার্যক্রম সমাপ্ত হয়।
উপজেলা খাদ্য কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বেলকুচি উপজেলায় মোট ২৫ জন ডিলারের মাধ্যমে একযোগে চাল বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয়দের মতে, সরকারের এ উদ্যোগের ফলে স্বল্প আয়ের মানুষ ন্যায্যমূল্যে চাল কিনে উপকৃত হবেন।

আশিকুল ইসলাম (বেলকুচি,সিরাজগঞ্জ) 
















