
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের গুটার বিল (হাঁসাইগাড়ী বিল) এলাকায় ভয়াবহ ঝড়ে নৌকা দুর্ঘটনায় নিখোঁজ হওয়া রাহিম (২৫) এর মরদেহ প্রায় ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা। রাহিমের বাড়ি সরইল দিঘিরপাড়া গ্রামে। তার বাবার নাম বেলাল।
ঘটনা সূত্রে জানা যায়, সোমবার গভীর রাত আনুমানিক দেড়টার দিকে কয়েকজন জেলে মাছ ধরতে গিয়ে ঝড়ো হাওয়ায় নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন তারা টর্চলাইটের মাধ্যমে আশপাশের লোকজনকে সাহায্যের জন্য ডাকতে থাকেন। খবর পেয়ে স্থানীয় কয়েকজন একটি নৌকা নিয়ে উদ্ধার কাজে যান। তাদের সঙ্গে যোগ দেন রাহিমও।
উদ্ধার অভিযানের সময় নৌকা নিয়ন্ত্রণে সমস্যা হলে রাহিম লগি দিয়ে নৌকা সামলানোর চেষ্টা করেন। এ সময় তীব্র ঢেউয়ের ধাক্কায় তিনি পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন। সঙ্গে থাকা আরেকটি নৌকা দ্রুত চেষ্টা চালালেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও রাহিমের কোনো সন্ধান মেলেনি।
অবশেষে বুধবার সকালে গ্রামবাসী নিজ উদ্যোগে খোঁজ চালিয়ে রাহিমের মরদেহ উদ্ধার করে। দীর্ঘ সময় পানিতে থাকায় কাকড়া ও মাছ মরদেহের অনেক অংশ নষ্ট করে দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জাহিদ (নওগাঁ) 















