
জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর আলোচিত জুথি হত্যা মামলার আসামি তানভীর চৌধুরী সিলেটে র্যাব-৯ এর হেফাজতে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটে রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে। এর আগের দিন শনিবার সিলেটের জৈন্তাপুর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
র্যাব জানায়, হেফাজতে থাকা অবস্থায় তানভীরকে গায়ে জড়ানোর জন্য একটি কম্বল দেয়া হয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি ওই কম্বল ভেন্টিলেটরের সঙ্গে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।
রোববার নিহতের স্বজন, পুলিশ, চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ঝুলন্ত মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সোমবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় গোলাপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, “সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে তানভীর কম্বল দিয়ে ভেন্টিলেটরে ঝুলে আত্মহত্যা করেছেন।”

জাহিদ (নওগাঁ) 















