
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি
নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক ৩ দফা দাবির বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ক্যাম্পাসে শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে অবস্থান নেন এবং কাকতাড়ুয়ায় ৩ দফা দাবি লিখে তা আগুনে পোড়ান।
কর্মসূচির নেতৃত্ব দেন প্রতিনিধি দলের সদস্য মোঃ আবু হুরায়রা হাসিব, মোঃ আশরাফুল হক, এস এম তাহিয়াতুল ইসলাম জিহাদ, মোঃ আল-আমিন হোসেন আসিফ , মোঃ আরাফাত জনি, মোঃ আব্দুল বারী, মোঃ রিয়াউল রাহাদ ও মোঃ রেদোওয়ান।
এ সময় ক্যাম্পাস মুখর হয়ে ওঠে স্লোগানে—
“দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার”
“১৩ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”
“দেশের টাকায় বুয়েট পড়ে, ১০ম গ্রেড দাবি করে”
“কোটি টাকা নষ্ট করে, ১০ম গ্রেড দাবি করে”
“বুয়েট-চুয়েট পাস করে, অটো বানায় গর্ব করে”
“রক্ত লাগলে রক্ত নে, ১০ম গ্রেড নিবি কে”
“৩ দফা নামে প্রহসন চলবে না চলবে না”
শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ এবং সঠিক মর্যাদা না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা জানান, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জাহিদ (নওগাঁ) 
















