
জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি
মাদ্রাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে নওগাঁ সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোনায়েম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে তাঁর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের দলীয় মনোনয়ন।
নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব সোমবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগ ওঠার পর দলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় গতকাল রোববার রাতে জেলা জামায়াতের এক জরুরি সভায় নৈতিক স্ফলনের কারণে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, মোনায়েম হোসেন নওগাঁ সদর উপজেলার এনায়েতপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। তদন্তে ওই মাদ্রাসার শিক্ষকদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টিও উঠে এসেছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। এখন থেকে মোনায়েম হোসেনের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই বলেও জানান জেলা আমির।

জাহিদ (নওগাঁ) 















