
মো. রোকন মিয়া (কুড়িগ্রাম,জেলা) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে “এসডিজি লোকালাইজেশন ইউনিয়ন কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার হাতিয়া ইউনিয়নের দি বেস্ট মডেল একাডেমি চত্বরে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, সমাজকর্মী ও বিভিন্ন পেশার মানুষ।
এই কর্মশালাটি আয়োজন করে হাতিয়া ইউনিয়ন পরিষদ, যার সহায়তায় ছিল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং দি হাঙ্গার প্রজেক্ট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামছুল হক এবং সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের স্বেচ্ছাসেবক আব্দুল ওহাব।
কর্মশালায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম অফিসার সুখময় পাল, রংপুর বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, ইউপি প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ, ইউপি সদস্য রাজ্জাকুল ইসলাম, আমিনুর ইসলাম, হাফিজুর রহমান, আব্দুর রব রানু, সংরক্ষিত নারী সদস্য মোর্শেদা বেগম ও ইতি বেগম প্রমুখ।
বক্তারা বলেন, এসডিজি লোকালাইজেশনের লক্ষ্য হলো স্থানীয় জনগণকে টেকসই উন্নয়নের পরিকল্পনায় যুক্ত করা এবং ওয়ার্ড পর্যায়ে সমস্যা চিহ্নিত করে তা অগ্রাধিকারভিত্তিতে সমাধানের রূপরেখা তৈরি করা।
কর্মশালায় অংশগ্রহণকারী নারী ইউপি সদস্য তছলিমা বেগম ও সমাজকর্মী পপি রাণী বলেন,
আমরা প্রথমে গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি, তারপর সোশ্যাল ম্যাপের মাধ্যমে তা বিশ্লেষণ করেছি। পরে ওয়ার্ডভিত্তিক কর্মশালায় অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। এসব সমস্যা সমাধান হলে হাতিয়া ইউনিয়নের মানুষের জীবনমান অনেক উন্নত হবে।

কর্মশালায় স্বাস্থ্য সহকারী, পরিবারকল্যাণ সহকারী, শিক্ষক, সমাজকর্মীসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন এবং গ্রামীণ উন্নয়ন, শিক্ষা, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক প্রস্তাবনা উত্থাপন করেন।
উল্লেখ্য, ইউএনডিপি ও দি হাঙ্গার প্রজেক্টের সহায়তায় এসডিজি লোকালাইজেশন প্রি-পাইলটিং প্রকল্পটি বর্তমানে খুলনার ডুমুরিয়া ও কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চলমান। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং জনগণের সমস্যা সরাসরি উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
বক্তারা আশা প্রকাশ করেন,এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে গ্রামীণ পর্যায়ে টেকসই উন্নয়নের ধারণা আরও শক্তিশালী হবে এবং সরকারের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে এটি একটি মডেল হিসেবে কাজ করবে।

মো.রোকন মিয়া (কুড়িগ্রাম জেলা) প্রতিনিধি: 















