
মোঃ আসতারুল আলম
দিনাজপুর সদর প্রতিনিধিঃ
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলের চিত্র ছিল অত্যন্ত হতাশাজনক। পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা এবং শূন্য পাসের কলেজের পরিসংখ্যান সবদিক থেকেই বোর্ডটি পিছিয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।
চলতি বছর দিনাজপুর বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৮ হাজার ৫১ জন। এর মধ্যে পাস করেছে মাত্র ৬০ হাজার ৮৮২ জন, যা শতকরা হিসেবে ৫৭.৪৯ শতাংশ। গত বছর এই হার ছিল ৭৭.৫৬ শতাংশ। ফলে পাসের হার কমেছে ২০.০৭ শতাংশ। একইসঙ্গে জিপিএ-৫ প্রাপ্তির হারেও বড় ধরনের পতন দেখা গেছে। এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন, যেখানে ২০২৪ সালে পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৩৫ জন।
সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, দিনাজপুর বোর্ডের অধীন ৪৩টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি। গত বছর এই সংখ্যা ছিল ২০টি, অর্থাৎ শূন্য পাসের কলেজের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। এসব কলেজে মোট পরীক্ষার্থী ছিল ১৮২ জন। যদিও শিক্ষক ও কর্মচারীর সংখ্যা জানা যায়নি, তবে বোর্ড সূত্রে জানা গেছে, এই কলেজগুলোতে শিক্ষার মান, উপস্থিতি এবং ব্যবস্থাপনার ঘাটতি দীর্ঘদিন ধরেই বিদ্যমান।
জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, শূন্য পাসের কলেজগুলোর মধ্যে নীলফামারী জেলার ১০টি, কুড়িগ্রাম জেলার ৯টি, ঠাকুরগাঁওয়ের ৬টি, লালমনিরহাটের ৫টি, দিনাজপুরের ৪টি, রংপুরের ৪টি, পঞ্চগড়ের ৩টি এবং গাইবান্ধার ২টি কলেজ রয়েছে।
ছাত্রীদের ফলাফল তুলনামূলকভাবে ভালো হলেও সার্বিক চিত্রে তা খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। ছাত্রীদের পাসের হার ছিল ৬১.৯২ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫২.৬৫ শতাংশ। পরীক্ষাকেন্দ্রে অনিয়মের কারণে বহিষ্কৃত হয়েছে ২৭ জন পরীক্ষার্থী।

আসতারুল আলম, সদর প্রতিনিধি (দিনাজপুর) 
















