
মির্জা ফয়সাল মাহীর ( নিজস্ব প্রতিনিধি)
নওগাঁ, ২ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ—নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে পালন নিশ্চিত করতে নওগাঁয় শুরু হলো পুলিশের তিনদিনব্যাপী দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্সের ১৫তম ধাপ।
আজ মঙ্গলবার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকে দেশের প্রতি একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার উল্লেখ করে সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণে পুলিশ সদস্যদের সর্বদা সতর্ক থাকার নির্দেশনাও প্রদান করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বশীলগণ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

মির্জা ফয়সাল মাহীর (আইন সমাজ) 















