
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলায় দিনের আলোয় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ইয়ামিন নামের এক যুবকের কাছ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং তাকে অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে। ঘটনাটি ঘটে উপজেলার আঙ্গরত কলোনী মোড় এলাকায়।
ভুক্তভোগীর বড় ভাই মো. আল আমিন জানান, ধান কেনার জন্য মহাজনের কাছ থেকে টাকা আনতে তিনি তাঁর ছোট ভাই ইয়ামিনকে পাঠান। মোটরসাইকেলে করে ফেরার পথে কলোনী মোড়ে পেছন থেকে হামলা চালায় ছিনতাইকারীরা। তারা ইয়ামিনের মাথায় আঘাত করলে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। এর পর ধস্তাধস্তির একপর্যায়ে ব্যাগে থাকা ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
ইয়ামিন বলেন, টাকা নিয়ে ফেরার সময় রাস্তার বাঁকে মোটরসাইকেলের গতি কমাতেই হামলাকারীরা পিছন থেকে মাথায় আঘাত করে। তিনি প্রতিরোধের চেষ্টা করলে আরও কয়েকজন এসে তাকে চেপে ধরে। এ সময় একজন পথচারী এগিয়ে এলে ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়।
এক স্থানীয় চিকিৎসক বলেন, তিনি কয়েকজনকে একজনকে মারধর করতে দেখেন। কাছে যেতেই তারা দ্রুত সটকে পড়ে। পরে জানা যায়, তারা টাকার ব্যাগ নিয়ে পালিয়েছে।
আহত ইয়ামিনকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায় সেলাই দিতে হয়েছে। ঘটনার পর ভুক্তভোগীর বড় ভাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

জাহিদ হাসান (নওগাঁ প্রতিনিধি) 















