
ডেস্ক রিপোর্ট :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন।
প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শাহবাগ মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে। এতে আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীরা সড়কে আগুন জ্বালিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে।
একই রাতে উত্তরা এলাকায় সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে। পাশাপাশি বিক্ষোভকারীদের একটি অংশ শাহবাগ থেকে কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়ে দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।
ডেইলি স্টার ভবনে আটকে পড়া ব্যক্তিদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
রাত গভীর পর্যন্ত শাহবাগ ও আশপাশের এলাকায় থমথমে ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত প্রায় ৪টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার দিয়ে ভাঙচুর চালানো হয়।
বিক্ষোভকারীরা শরিফ ওসমান হাদীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে এসব কর্মসূচি পালন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করে।
জাতীয় সাপ্তাহিক আইন সমাজ

ডেস্ক রিপোর্ট (আইন সমাজ) 















