
জাহিদ হাসান (নওগাঁ প্রতিনিধি)
নওগাঁর রাণীনগর উপজেলার পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) আনোয়ার হোসেনকে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত বুধবার বিকেলে প্রাইভেট পড়ানোর সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।
বিষয়টি প্রকাশ হলে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করে শিক্ষকের অপসারণ ও বিচারের দাবি জানায়।
উত্তেজনা বাড়লে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পুলিশ ও শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়ে গিয়ে বৈঠক করেন। শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার অ্যাডহক কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।
অভিযুক্ত শিক্ষক অভিযোগ অস্বীকার করে এটিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, তদন্ত সাপেক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

জাহিদ (নওগাঁ) 
















