
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী লোক উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় এবং নওগাঁ জেলা মিউজিক ফোরামের আয়োজনে আগামীকাল শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে নওগাঁ জিলা স্কুল মাঠে উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাবে আয়োজক সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই লোক উৎসবে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হবে লোকসংগীত, পল্লীগীতি, ভাওয়াইয়া, পুতুলনাচ ও গ্রামীণ নাটক। পাশাপাশি থাকবে লাঠিখেলা, স্থানীয় খাবার ও হস্তশিল্প প্রদর্শনী, এবং শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা।
সংবাদ সম্মেলনে জেলা মিউজিক ফোরামের উপদেষ্টা রবিউল করিম, সভাপতি খাদেমুল ইসলাম ক্যাপ্টেন এবং সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম (মুন্না) উপস্থিত ছিলেন।
আয়োজকরা আরও বলেন, বাংলার লোকজ ঐতিহ্য, গান, নৃত্য, কবিতা, গল্প ও গ্রামীণ জীবনের সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। লোক সংস্কৃতি কোনো নির্দিষ্ট প্রজন্মের নয়, এটি আমাদের সম্মিলিত আত্মার অংশ—আর সেই আত্মার টানই এই উৎসবের মূল অনুপ্রেরণা।

Reporter Name 
















